কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধী: “ভারত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে”, পাল্টা আক্রমণে বিজেপি

By Ismail

Nov, 18, 2026, 13:37 IST

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধী: “ভারত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে”, পাল্টা আক্রমণে বিজেপি

কংগ্রেস নেতা রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক আলোচনাসভায় ভারতের অর্থনীতি নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তাঁর দাবি, দেশ এখন এক গভীর অর্থনৈতিক সংকটের মুখোমুখি। একই মঞ্চে তিনি আবার ভোটার তালিকা নিয়েও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর মন্তব্যের পরেই দেশের রাজনীতিতে নতুন করে তরজা শুরু হয়েছে।

“ভারত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে”

আলোচনায় রাহুল গান্ধী বলেন, “সত্য কথা হলো, ভারত একটা অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। এটাই বাস্তবতা। কেউ চাইলে উড়িয়ে দিতে পারে, মিডিয়াও উড়িয়ে দিতে পারে, কিন্তু ভারতে বেকারত্বের একটা বিশাল সমস্যা রয়েছে। শিক্ষা ব্যবস্থারও বিরাট সমস্যা রয়েছে।”

ভোটার তালিকা নিয়ে ফের অভিযোগ

অর্থনীতির পাশাপাশি ভোটার তালিকার প্রসঙ্গও তোলেন তিনি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রাহুল গান্ধী বলেন, “২০২৪ সালে যারা ভোট দিতে পারতেন, এমন ১৪ কোটি মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করি, এমন পরিস্থিতিতে নির্বাচন কীভাবে বৈধ বলা যায়?”

অন্যদিকে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের এই অভিযোগ আগেই নাকচ করে দিয়েছে।

বিজেপির তীব্র প্রতিক্রিয়া

রাহুল গান্ধীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ভারতের অগ্রগতি ও গণতন্ত্রের প্রতি তাঁর অন্তর্নিহিত ঘৃণাই তাঁকে বিদেশে গিয়ে সবসময় ভারত সম্পর্কে খারাপ কথা বলতে বাধ্য করে।” বিজেপি রাহুল গান্ধীকে ‘অ্যান্টি-ইন্ডিয়া প্রপাগান্ডার নেতা’ বলেও আখ্যা দিয়েছে।

আমেরিকা সফরে রাহুল

রাহুল গান্ধী বর্তমানে দুদিনের সফরে আমেরিকায় রয়েছেন। জানা গিয়েছে, বুধবার তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়েও যেতে পারেন। সেখানে তিনি কী বলেন, সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের।