পাকিস্তানের প্রধানমন্ত্রী ‘যুদ্ধকালীন মিতব্যয়ী পরিকল্পনা’ ঘোষণা করেছেন

পাকিস্তানে মার্কিন-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী তেল সংকটের কারণে “যুদ্ধকালীন মিতব্যয়ী পরিকল্পনা” (war austerity plans) চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সোমবার রাতে ঘোষণা করেছেন যে, সব সরকারি অফিস চার দিনের সপ্তাহে চলবে, স্কুল ও কলেজগুলো আগামী দুই সপ্তাহ বন্ধ থাকবে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনে ক্লাস চালিয়ে যাবে। এ খবর দিয়েছে ডন পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন যেন তাদের ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করে। সেই সঙ্গে সব সরকারি ও অফিসিয়াল যানবাহনের জ্বালানি আগামী দুই মাসের জন্য ৫০ শতাংশ কমানো হবে।

এছাড়া তিনি সব সংসদ সদস্যদের বেতন ২৫ শতাংশ কাটার ঘোষণা দিয়েছেন।

এই পদক্ষেপগুলো মূলত জ্বালানি সাশ্রয় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য নেওয়া হয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম আকাশছোঁয়া হয়েছে এবং সরবরাহ ব্যাহত হচ্ছে।