ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির বুধবার তেল আবিবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত ও অপারেশনাল সহযোগিতা আরও গভীর করা, সমন্বয় জোরদার করা এবং বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় যৌথ প্রস্তুতি বাড়ানোর গুরুত্বও আলোচনায় উঠে আসে।
সেন্টকম মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনা করে। ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা বিভাগে অ্যাডমিরাল কুপার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন।
এছাড়া জামির, কুপার এবং মোসাদ প্রধান রোমান গোফম্যান একটি ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেন। মোসাদ ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা, যা মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র মতো কাজ করে।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান পুনরায় শুরু করা হবে কি না, তা নিয়ে আলোচনা করছে। নির্বাচনের আগে অনুষ্ঠিত আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে এই বিতর্ক চলছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে হামলা চালায়, যাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে। এর আগে এ সপ্তাহে ইরান একাধিকবার বাহরাইনে হামলা চালানোর চেষ্টা করেছিল, যা ব্যর্থ হয়।






