আবহাওয়া ভারত প্রযুক্তি বিনোদন বিদেশ খেলা শেয়ার বাজার

অন্নপূর্ণা যোজনায় ১৭ লক্ষ আবেদন বাতিল, ১.৪৫ কোটি উপভোক্তা পাচ্ছেন টাকা

পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনার টাকা বিতরণ শুরু করেছে। সোমবার থেকে আগামী বৃহস্পতিবার, ২০ অগস্টের মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৪৩৫০ কোটি টাকা জমা পড়বে। প্রাথমিকভাবে ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাই করা হয়েছিল। এর মধ্যে প্রায় ১৭ লক্ষ আবেদন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। ১০ জুলাই পর্যন্ত মোট আবেদন জমা পড়েছিল প্রায় ১ কোটি ৮০ লক্ষ। বাকি আবেদনগুলির যাচাই প্রক্রিয়া এখনও চলছে।

সবচেয়ে বেশি আবেদন বাতিল হয়েছে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকার কারণে। প্রায় ১০ লক্ষ আবেদন এই সমস্যার জন্য খারিজ হয়েছে। এছাড়া সরকারি কর্মচারী হওয়া বা আয়কর দেওয়ার কারণেও কিছু আবেদন বাতিল করা হয়েছে। ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, তাদের নথি যাচাইয়ের কাজ চলছে এবং এটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় নিতে পারে।

যাদের নাম বাদ পড়েছে, তারা পুনরায় আবেদনের সুযোগ পাবেন। ২০ অগস্ট থেকে নির্দিষ্ট পোর্টালে ‘সোশ্যাল রেজিস্টার’ অপশনে গিয়ে ফের আবেদন করা যাবে। জেলাশাসক স্তরে সেই আবেদন যাচাই হবে। আধার-ব্যাঙ্ক লিঙ্কের সমস্যা সমাধানে বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা ব্যাঙ্কের সঙ্গে সমন্বয় করে শিবিরের মাধ্যমে এই সমস্যা মেটানোর চেষ্টা করবেন।

,